চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাই মালামালসহ ১৬ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই মালামাল পাচারের অভিযোগে ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং এবং দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৬ জনকে আটক করা হয়।

জব্দ করা চোরাই মালামাল, চোরাচালানে ব্যবহৃত লাইফ বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে চোরাচালান, চুরি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।