মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সিমেন্টবাহী ট্রাক ও ইন্টারনেট সেবাদানকারী একটি গাড়ির সংঘর্ষের মাঝখানে পড়ে মোটরসাইকেল আরোহী যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম সালাউদ্দিন (৪০)। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, যুবদল নেতা সালাউদ্দিন আজ দুপুরে মোটরসাইকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। আবুতোরাব বাজারের পথে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি পিকআপকে ধাক্কা দিলে মাঝখানে পড়ে যান সালাউদ্দিন। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।