বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব গ্রহণের পর ঢাকার সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে নৌসদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নৌসদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নৌ সক্ষমতা আরও সুসংহত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।