চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ডা. মো. একরাম হোসেন।

তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। এজন্য নিজ নিজ কর্মস্থল, বাড়িঘর ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নোংরা নালা বা ময়লা পানিতে নয়, বরং বিভিন্ন পাত্র ও পরিষ্কার স্থির পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই ঘর, হাসপাতাল ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিষ্কার করলে এডিস মশার লার্ভা ধ্বংস করা সম্ভব।

হাসপাতালের চারপাশের ঝোপঝাড়, নালা-নর্দমা ও খোলা জায়গা সবসময় পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলে ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।