কোতোয়ালীতে ১২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং গাড়িটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিমের নেতৃত্বে পাথরঘাটা পুলিশ ফাঁড়ির একটি দল কোতোয়ালী থানার ৪ নম্বর ঘাট এলাকার সাফা কোলাস্টলের পেছনে মেরিনাস রোডে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশে পাচার করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে চেকপোস্টে কক্সবাজার থেকে আসা ঢাকা মেট্রো-ন-১৯-৫৭৪৪ নম্বরের একটি নীল রঙের খোলা পিকআপকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি চালিয়ে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৫) ও শামীম রেজা (৩২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।