পটিয়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে পটিয়া থানাধীন ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিঃ) মো. শামীম ভূঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

অভিযানকালে মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনার সময় মো. ওসমান গণি (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে।

এ ঘটনায় পটিয়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।