টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চার জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) ও দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘটনায় মাটির দেয়াল চাপা পড়ে পাহাড়ের খাদে বসবাস করা একই পরিবারের চারজন নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা সেখানের মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

ইউপি মেম্বার বশির আহমদ জানান, ঘটনা জানার পর পর আশপাশের লোকজন  উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।