বাবা-মার ঝগড়ায় অনাহারে প্রাণ গেল আটদিন বয়সী শিশুর

নারায়নগঞ্জে বাবা-মার ঝগড়ার জেরে অনাহারে  তাদের আটদিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকায় বনশ্রী মোড়ে শাহজাহান খানের বাড়ির ভাড়াটিয়ার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় শাহজাহান খানের বাড়ির ভাড়াটিয়া রাজিব ও তার স্ত্রী ফারজানার মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীর ওপর রাগ করে ১৪ মাস বয়সের পুত্র সন্তান ও আট দিন বয়সের কন্যা সন্তান রেখে স্ত্রী ফারজানা তার বোনের বাসায় চলে যান। এর মধ্যে ছেলেকে খাওয়ালেও আটদিন বয়সের শিশু কন্যাকে কোন কিছুই খাওয়াতে পারেননি রাজিব। টানা একদিন অনাহারে থেকে পরদিন বুধবার (১৯ জুলাই) রাতে ক্ষুধার্ত শিশু কন্যা নিথর হয়ে পড়লে রাজিব তার স্ত্রীর কাছে নিয়ে যান।

এ ঘটনায় স্বামী রাজিব ও স্ত্রী ফারজানা একে অপরকে পাল্টাপাল্টি দুষছেন।

রাজিব জানান, স্ত্রী ফারজানা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে তাদের আটদিনের কন্যা সন্তানটি মারা যায়।

তবে রাজিবের স্ত্রী ফারজানার অভিযোগ, স্বামী রাজিব দুটি শিশু সন্তান রেখে মারধর করে তাকে বাসা থেকে বের করে দেয়। পরদিন রাজিব মৃত মেয়ে সন্তানকে নিয়ে তার কাছে যায়।

এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।