তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।  তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬ কোটি মানুষ ভোটদান করেন। তাদের মধ্যে প্রায় ৫০ লাখ প্রথম ভোট দিয়েছেন।

গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। কামাল কিলিজদারগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট।

এ পরিস্থিতিতে দেশটির নির্বাচন কমিশন ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনের ঘোষণা দেয়।

এই নিয়ে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এরদোয়ান। এর আগে ২০১৪ সালে ও ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি।

২০০৩ সালের ১৫ মার্চ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিয়েছিলেন তিনি। পরে ২০১৪ সালে তুরস্ককে সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেনশিয়াল পদ্ধতিতে রূপান্তর করেন। বিরোধীদের মতে, একক ক্ষমতা উপভোগ করতেই শাসনব্যবস্থায় এমন পরিবর্তন আনেন এরদোয়ান।

এই বিজয়ের মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।

গতকাল (২৮ মে) রাতে তুরস্কের উচ্চ নির্বাচন বোর্ডের প্রধান আহমেদ ইয়ানার এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল প্রকাশ করেন। তিনি বলেন, রবিবারের ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর চেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। প্রাথমিকভাবে ৯৭ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনায় এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ এবং কিলিচদারোগলু ৪৭ দশমিক ৯ শতাংশ সমর্থন পেয়েছেন।

নির্বাচনে নিজের এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন এরদোয়ান। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, এই নির্বাচনে তুর্কি জয় পেয়েছে, আমাদের গণতন্ত্র জয় পেয়েছে।