চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের বহন করা শাটল ট্রেনের ব্রেক গিয়ার ভেঙে বিকল হয়ে গেছে। ফলে ভর্তিচ্ছুরা চরম বিপাকে পড়েছেন। পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে দেখে ভর্তিচ্ছুরা ভিন্নভিন্ন পথ খোঁজে ক্যাম্পাসে পৌঁছেন। যদিও ৩০ মিনিটের মধ্যে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসগামী এই শাটল বালুছড়া আসার পর এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাউছার মাহমুদ বলেন, শাটলের ব্রেক গিয়ার ভেঙে গেছে। ভর্তিচ্ছুরা ভোগান্তিতে পড়ে যায়। অনেকেই বাস-ট্রাকে করে ক্যাম্পাসে যায়।
এদিকে শাটল ট্রেন বিকলের কারণে পরীক্ষা১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানিয়ে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, শাটলের সমস্যা হওয়ার খবর আমরা শুনেছি। বাস পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যার যার মতো ক্যাম্পাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা পেছানোর বিষয়টি শাটল পৌঁছানোর ওপর নির্ভর করছে। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।