সৌদি আরবের মক্কা নগরীর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ পাকিস্তানি ওমরা হজ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২০ মে) মক্কায় হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তায় জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিহত ব্যক্তিরা ওমরা হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম “রেডিও পাকিস্তান” বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রেডিও পাকিস্তানের মতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।