সিরিয়ার বিমানবন্দরে ইসরাইয়েলের প্রাণঘাতী হামলা

সিরিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইয়েল। এ ঘটনায় এক সিরীয় সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) ভোরে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালায়।

হামলার পর আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দিনের আলো ফোঁটার আগেই চালানো ওই হামলায় এক সিরীয় সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও দুই বেসামরিক নাগরিক ও অন্য পাঁচ সিরীয় সেনা আহত হয়েছেন বলে দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে।

অবশ্য হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির কাছে তাৎক্ষণিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়া। এতে প্রায় ৫৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। অন্যদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৬ হাজারের বেশি।