চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। নিহত অপর দুজন হলেন ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।
ফেরদৌস আলম ফিরোজ কক্সবাজারের ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, চট্টগ্রামের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফিরছিলেন তারা। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজ বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।