‘প্রতিকার নয় বরং প্রতিরোধ নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘প্রতিকার নয় বরং প্রতিরোধ নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষের দুয়ারে আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই হবে এই পরিবর্তিত স্বাস্থ্য ব্যবস্থার মূল লক্ষ্য।’
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে স্বাস্থ্যখাতের উদ্ভাবন বিষয়ে এক প্যানেল আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুযোগ নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এই খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’
রোগীর উন্নত চিকিৎসার নিশ্চয়তার পাশাপাশি রোগাক্রান্ত্র হওয়ার আগেই তাকে প্রতিরোধ করার প্রতি জোর দেয়া প্রয়োজন বলে মন্তব্য করে জুবাইদা রহমান।
বলেন, ‘প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।’
এ সময় দেশীয় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য গবেষণায় বাজেট বৃদ্ধিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দেশে একটি ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’