এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. শওকত আজাদ। নেফ্রোলজিতে এমডি ডিগ্রিধারী এ চিকিৎসকের কিডনি রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় রয়েছে ১২ বছরের অভিজ্ঞতা।
ডা. শওকত আজাদ এমবিবিএস সম্পন্ন করার পর নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি (এএসএন) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন)-এর ফেলো সদস্য। ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজির ওপর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কিডনি একাডেমি থেকে এক বছরের ফেলোশিপ সম্পন্ন করেছেন তিনি।
এছাড়া ইন্টারভেনশনাল নেফ্রোলজিতে ডায়ালাইসিস ক্যাথেটার স্থাপন ও রেনাল বায়োপসির ওপর অস্ট্রেলিয়ায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন ডা. আজাদ। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি (সিআরআরটি)-এর ওপরও তাঁর বিশেষ প্রশিক্ষণ রয়েছে।
কিডনি রোগ নির্ণয় ও চিকিৎসায় ডা. আজাদের বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি), অ্যাকিউট কিডনি ইনজুরি (একে আই), ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ এবং কিডনি ফেইলিউর ব্যবস্থাপনা। পাশাপাশি গ্লোমেরুলার রোগ, নেফ্রোটিক সিনড্রোম, কিডনি ইনফেকশন, কিডনিতে পাথর এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ বিভিন্ন জটিল কিডনি রোগের চিকিৎসায়ও তাঁর অভিজ্ঞতা রয়েছে।
জটিল ও দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন ডা. শওকত আজাদ। ডায়ালাইসিস ও অন্যান্য কিডনি রিপ্লেসমেন্ট থেরাপির পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্ট নেফ্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজিতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে তাঁর যোগদানের ফলে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের রোগীদের কিডনি রোগ নির্ণয়, ডায়ালাইসিস এবং জটিল কিডনি রোগ ব্যবস্থাপনায় বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, ডায়ালাইসিস সেবা, ক্রিটিক্যাল কেয়ার এবং অন্যান্য বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ডা. শওকত আজাদের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ।