কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের (আইস) দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর পৃথক দুটি দল টেকনাফ থানার জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপসংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের তৈরি দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় বোট দুটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়।
জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।