বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০) নামের দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।
মৃতরা হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে।
বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
মৃতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।