ইরানে আরও হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও হামলার হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ‘যেকোনো সময়’ ইরানে হামলা চালাতে পারে। এদিকে সবশেষ মার্কিন হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে এবং অন্তত ১০৮ জন আহত হয়েছে।
জুলাইয়ের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার পর বুধবার (২ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালায়, যেগুলো অবরুদ্ধ হরমুজ প্রণালির কাছাকাছি। এর মধ্যে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানেও হামলা চালানো হয়।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়, যার মধ্যে বাহরাইন, ইরাক ও জর্ডানের ঘাঁটিও ছিল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “গত রাতে আমরা তাদের খুব জোরালোভাবে আঘাত করেছি” এবং হামলাগুলো “হরমুজ প্রণালির পাশে তারা যে নতুন সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, সেগুলো সব ধ্বংস করে দিয়েছে”।
তিনি বলেন, “গত রাতে এটি ছিল খুবই ব্যাপক হামলা। আর আমরা আরেকটি হামলা চালানোর জন্য প্রস্তুত। এবং আমরা যখন চাই তখনই।”
ইরানি কর্মকর্তারা বলেছেন, মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফারঘান্দিরি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের একজন চার বছর বয়সী শিশু, যে সিরিক কাউন্টির কুহেস্তাকে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয়।ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি কুহেস্তাকের হামলাকে “যুদ্ধাপরাধ” হিসেবে বর্ণনা করেছেন এবং বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয় না—এমন মার্কিন দাবির পাল্টা জবাব দিয়েছেন।