শ্রীপুর পৌরসভায় পরিবর্তনের অঙ্গীকার, মানুষের পাশে থাকতে চান আবুল মুনসুর মন্ডল

গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে ১৫ দফা উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মন্ডল।
​ঘোষিত এই পরিকল্পনায় পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং নাগরিক সেবা সহজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
​পরিকল্পনার উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে— শ্রীপুর রেলক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি ক্লিনিক, খেলাধুলার জন্য মাঠ ও শিশুদের বিনোদনে পার্ক স্থাপন। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, সড়ক প্রশস্তকরণ ও মোড়ে মোড়ে আধুনিক আলোর ব্যবস্থার কথা বলা হয়েছে।
​পাশাপাশি শ্রীপুরকে পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মাদকমুক্ত সমাজ গঠন এবং জ্ঞানচর্চার প্রসারে আধুনিক পৌর পাঠাগার ও সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক কমিউনিটি সেন্টার গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
​সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে স্থানীয় বিরোধ নিরসনে নিরপেক্ষ সালিশ ব্যবস্থা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি এবং হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও অসহায় নারীদের জন্য বিশেষ কল্যাণমূলক কর্মসূচির প্রস্তাব করেন তিনি।
​এ বিষয়ে আবুল মনসুর মন্ডল জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে শ্রীপুর পৌরসভাকে একটি কার্যকর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার মূল উদ্দেশ্য। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
​স্থানীয়দের মতে, এসব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে শ্রীপুরের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে