ঝাউতলা বাজারে ভোক্তা অধিকার অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের ঝাউতলা বাজারে পরিচালিত বাজার তদারকি কার্যক্রমে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে বিসমিল্লাহ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধের পাশাপাশি অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে নাসির ফার্মেসিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় ইলিয়াস ব্রাদার্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অননুমোদিত পণ্যসামগ্রী বিক্রির দায়ে নরু সওদাগর জেনারেল স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।