রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জনের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন। ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি আমরা অন্য ২ জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।’