২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখাতে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৬ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
সকালে এ মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
মামলায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। এ মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ইমরান এইচ সরকারসহ ৩০ জন এখনও পলাতক।