চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ৫ নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য তারা একটি অ্যাপার্টমেন্টে জড়ো হয়েছিলেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের মধ্যে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি পুলিশের।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা।
এ ছাড়া শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা নম্বর-১২ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে তারা সেখানে সমবেত হয়েছিলেন। তবে আটক ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে চট্টগ্রাম নগরীর রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।