চট্টগ্রামের মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদকসহ একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানাধীন ইকোনমিক জোন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িটি ফেলে পালিয়ে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা।
পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল (FAIRDYL) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, মাদকের উৎস এবং সরবরাহকারী চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, চেকপোস্ট এবং আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হয়েছে।