রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।

বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। ওই নির্দেশের পর গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রামিসাকে ধর্ষণের পর হত্যা

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।

অপরাধের গুরুত্ব ও নৃশংসতা বিবেচনায় নিয়ে ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেন।

রায়ের পর দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

এখন নুসরাত ও আছিয়া হত্যা মামলার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।