সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে, এ বছর ৩০ রোজা পূরণ করেই শেষ হতে পারে রমজান মাস। সেটি হলে এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। সোমবার (১৮ এপ্রিল) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।
আইএসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভবনা নেই বললেই চলে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে খালি চোখে এবং আরব দেশগুলোতে টেলিস্কোপ ছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে। এ কারণে শনিবার হতে পারে ঈদুল ফিতর। তবে বৃহস্পতিবার লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে চাঁদ দেখা যেতে পারে।
আইএসির বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামী বিশ্বের অধিকাংশ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস শুরুর ঘোষণা দিতে পারে। সেক্ষেত্রে, এসব দেশের মুসলিমরা ৩০ দিন রোজা রাখার পর আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।