গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে উপকূলে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।

দুপুর ১টার দিকে বোটে থাকা এক জেলে মোবাইল ফোনে বিষয়টি মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে বিকল ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে নিরাপদে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গভীর সমুদ্রে মাছ আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।