জাপানের প্রধানমন্ত্রীর উপর বোমা হামলা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ধোঁয়া বোমা হামলা চালানো হয়েছে।  স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) জাপানের ওয়াকাইয়ামা শহরে এ হামলা হয়। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।  নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় সেই বোমাটি। প্রাথমিক অনুসন্ধানের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বোমাটি প্রাণঘাতী ছিল না।  স্থানীয় খবরে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ এক ব্যক্তিকে চেপে ধরেছে।  বলা হচ্ছে, তিনিই সেই সন্দেহভাজন।  পুলিশ বলছে, তারা একজনকে গ্রেফতার করেছে।  গ্রেফতার ব্যক্তির সম্পর্কে আর কিছু জানায়নি পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানান, তারা এক ব্যক্তিকে কিছু নিক্ষেপ করতে দেখেছেন।   তার পর ধোঁয়া বের থাকে।  অন্য একজন জানান, তারা একটি বড় বিস্ফোরণ শুনতে পেয়েছেন।  তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাননি তারা।

কিশিদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য হিরোশি মোরিয়ামা বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি গঠনকারী নির্বাচনি প্রচারের মাঝখানে যা ঘটেছে, তা দুঃখজনক।  এটি একটি ক্ষমার অযোগ্য নৃশংসতা।’

জাপানে সহিংস হামলা অত্যন্ত বিরল।   তবে গত বছর প্রচারের সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করার পর, রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সূত্র: বিবিসি