চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার এবং অবকাঠামোগত ক্ষতি প্রতিরোধে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও সরেজমিন তদারকিতে পরিচালিত হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযানের আওতায় টার্মিনাল ভবন, প্রশাসনিক ভবন, সিএএবি ভবন, কার্গো টার্মিনাল, পাওয়ার হাউস, অপারেশন টাওয়ার, ফায়ার স্টেশন, এমটি ভবন, মেইনটেন্যান্স ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদ পরিষ্কার করা হয়। পাশাপাশি আনসার ক্যাম্পের আশপাশসহ বিমানবন্দরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, একই ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে বিমানবন্দরের আবাসিক এলাকাতেও পরিচালিত হবে। এ কর্মসূচিতে আবাসিক এলাকার বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বর্ষা মৌসুমজুড়ে ডেঙ্গুসহ সম্ভাব্য মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং বিমানবন্দরের অবকাঠামো সুরক্ষায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।