বাংলাদেশ রেলওয়ের জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), চট্টগ্রামের উদ্যোগে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ জুলাই) পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি মোহাম্মদ সফিকুর রহমান, সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদল মোশারফ হোসেন দিপ্তি এবং প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) মো. শফিকুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সিসিএম (পূর্ব) ও টুর্নামেন্ট আহ্বায়ক মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সাধারণ সম্পাদক ও এসডব্লিউও (পূর্ব) চৈতী মুহুরী, সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী, ডিডি (পিআর) (পূর্ব) মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব), জেপিও-১ (পূর্ব) এবং বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
এ সময় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকসহ শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় অতিথিরা ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। গত ১৩ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা)—এই চারটি দল অংশ নেয়। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ডিএসএ (সদর) ও ডিএসএ (চট্টগ্রাম) ফাইনালে ওঠে।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ডিএসএ (সদর) ৩-০ গোলে ডিএসএ (চট্টগ্রাম)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ডিএসএ (চট্টগ্রাম)।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।