বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার জন্য দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। বিকেল ৪টায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে একটি নৈশভোজে অংশ নেবেন তিনি।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে হবে আলোচনা। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।