পাকিস্তানে গিরিখাতে বাস পড়ে আগুনে নিহত ৩৯

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস গিরিখাতে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। এতে আগুনে অন্তত ৩৯ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, রোববার সকালে ভোরে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছে একটি গিরিখাতে বাসটি পড়ে যায়। আর তারপরই বাসটিতে আগুন ধরে যায়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানান, বাসটিতে সব মিলিয়ে ৪৮ যাত্রী ছিলেন। তিনি আরও জানিয়েছেন, নিহতদের মরদেহ এবং আহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রথম দিকে তীব্র শীত এবং অন্ধকার থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল। পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে রয়েছে।