তলোয়ার দিয়ে কেক কেটে মুক্তি উদযাপন

ভারতের বিতর্কিত এবং সমালোচিত ধর্মগুরু রাম রহিম সিং প্যারোলে মুক্তি পেয়েছেন ।

ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করা `ডেরা সাচ্চা সাউদা’ প্রধান এই গুরুমিতকে শনিবার (২১ জানুয়ারি) হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগার থেকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।  মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে মুক্তি উদযাপন করে আবারও আলোচনায় তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুক্তির পর উত্তর প্রদেশের বাগপতের বারনাওয়া আশ্রমে যান তিনি।  সেখান থেকে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে তাকে একটি তলোয়ার দিয়ে কেক কেটে উদ্যাপন করতে দেখা গেছে।  ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমি পাঁচ বছর কেক কাটতে পারিনি।  আমার তো ৫টা কেক কাটা উচিত।  এটা হলো প্রথম কেক।’

রাম রহিমের এই ‘উদযাপন’ অনুষ্ঠানে তার একাধিক অনুসারীর পাশাপাশি হরিয়ানার বিজেপি নেতাদেরও দেখা গেছে।  রাজ্যসভার সাংসদ কৃষাণলাল পানওয়ার এবং সাবেক মন্ত্রী কৃষাণকুমার বেদীও ছিলেন অনুষ্ঠানে।  এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্বোধনও করেন রাম রহিম।

গত বছরের ১৪ অক্টোবর প্যারোলে মুক্তি পাওয়ার পরও বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন রাম রহিম।  ২৫ নভেম্বর পুনরায় তাকে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগারে ফেরত পাঠানো হয়।