দীর্ঘ নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ছয় জাতির এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ থেকেই এটাই প্রমাণিত যে, শ্রীলঙ্কার সাথে জয়-হারের ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে টাইগাররা। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লঙ্কানরা।
এছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পাচ্ছেন না নিয়মিত কিছু মুখ। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন। দলে ডাক পেয়ে লঙ্কায় উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে টাইগার একাদশে দেখা যেতে পারে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিমকে।
তিন নাম্বারে বেশ কিছুদিন ধরেই আস্থার প্রতীক নাজমুল হোসেন শান্ত। আজকেও তিনিই খেলবেন এই পজিশনে। যেহেতু ডানহাতি ব্যাটার টপ অর্ডারে নেই, সেক্ষেত্রে চারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। যে কারণে পাঁচে খেলবেন সাকিব আল হাসান। ছয়ে দেখা যাবে মুশফিকুর রহিমকে। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে ছয় নাম্বারে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অফ স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। সে সব চিন্তা করেই একাদশে বাড়তি একজন অফ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আফিফ হোসেনের দলে থাকার সম্ভাবনা কম, তাই সাতে খেলার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। বাড়তি অফ স্পিনার হিসেবে আট নম্বরের বিবেচনায় শেখ মেহেদি থাকবেন সবচেয়ে এগিয়ে।
এদিকে একাদশে তিন পেসার হিসেবে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমানের।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
এমএইচএফ