লিওনেল মেসির দুর্দান্ত গোলেও জয় পাওয়া হলো না ইন্টার মায়ামির। ন্যাশভিল এসসির বিপক্ষে এগিয়ে থেকেও যোগ করা সময়ে গোল হজম করে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।
স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) ম্যাচের চতুর্থ মিনিটেই স্যাম সারিজের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ১৯ মিনিটে রিড বাকের-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তার ১৯তম গোল।
তবে জয় ধরে রাখতে পারেনি মায়ামি। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ। ফলে ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।
এই ড্রয়ে মায়ামির বিপক্ষে টানা চার ম্যাচে অপরাজিত থাকল ন্যাশভিল। ইস্টার্ন কনফারেন্সে মায়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থানও আরও মজবুত করল তারা।