মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব

 

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত থেকে অংশ নেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই নিয়মিতভাবে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।