চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কৃত ৯ ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বছর ১৭ জন ছাত্রলীগ নেতাকর্মী সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। ওই বছরে ঘটে যাওয়া শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল চবি প্রশাসন।
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভার মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। এ কমিটির সদস্য সচিব ছিলেন তৎকালীন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। কিন্তু গত ৩১ জুলাই অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় ৯ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বোর্ড অব রেসিডেন্স, হেলথ এন্ড ডিসিপ্লিনারি কমিটির বর্তমান সদস্য সচিব ড. নূরুল আজিম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুনঃতদন্তের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে কোন নয়জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তা খোলাসা করেননি প্রক্টর।
চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা আমাদের কাছে পুনঃতদন্তের আবেদন জানিয়েছিল। এরপর পুনঃতদন্ত কমিটি করা হয়। পুনঃতদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কৃত নয়জন শিক্ষার্থীর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সেটা এখন বলতে পারব না। এ বিষয়ে পরবর্তীতে আরো একটি মিটিং হবে। সে মিটিংয়ের পর বলতে পারব।