রোমানিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শস্য গুদামে ড্রোন হামলা

ন্যাটোভুক্ত রাষ্ট্র রোমানিয়ার সীমান্ত থেকে অল্প দূরে ইউক্রেনের একটি শস্য গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার দানিউব নদীর তীরে ইজমাইলের বন্দর স্থাপনায় ওই হামলা চালানো হয়।

ড্রোন হামলায় একটি শস্য গুদাম, বন্দরের একটি ভবন এবং শস্য বহনের একটি লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস তার দেশের সীমান্তের কাছাকাছি রাশিয়ার ক্রমাগত হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ান ড্রোনগুলি দানিউব নদীর দিকে আঘাত হেনেছে। যেখানে ইউক্রেনের দুটি বন্দর রয়েছে, ইজমেল এবং রেনি। ওডেসার আঞ্চলিক নেতা ওলেহ কিপার জানায়, জরুরি পরিষেবাগুলি রাশিয়ান হামলার জায়গায় কাজ করছে। এতে কোনও হতাহতের খবর নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আঞ্চলিক প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যা ইঙ্গিত করে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে রেনির শস্য গুদামগুলোতে, দানিউব নদীর পাশে এবং রোমানিয়ান সীমান্তের কাছে রাশিয়া ড্রোন হামলা করেছিলো। রোমানিয়ার প্রেসিডেন্ট ইওহানিস বুধবার বলেন, রোমানিয়ার এত কাছাকাছি হামলাগুলি ছিল যুদ্ধাপরাধ।

রাশিয়া এর আগে ওডেসা এবং চোরনোমর্স্কের কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে আক্রমণ করেছিল। কর্তৃপক্ষর তথ্য অনুযায়ী সেখানে ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছিলো।

জুলাইয়ে শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর অভিমুখে যে কোনও জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলার হুমকি দেয়।

ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম এবং ভুট্টা রপ্তানিকারক দেশ। বেশিরভাগ চালান দেশের কৃষ্ণ সাগরের বন্দর থেকে চলে আসছে।