বিবেক রামাস্বামী ও নিক্কি হ্যালির পর যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রকৌশলী হর্ষবর্ধন সিং। রিপাবলিকান দলের তরফে লড়তে ইচ্ছুক তিনি।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
নিক্কি হ্যালি এবং বিবেক রামাস্বামীর পর ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রার্থী হতে ইচ্ছুক ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।
হর্ষবর্ধন সিং নামে এই প্রকৌশলী জানিয়েছেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে নির্বাচনে লড়তে ইচ্ছুক তিনি। এক ভিডিও বার্তায় নমিনেশনের কথা জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি জানিয়েছেন, তিনি আজীবন একজন ‘রিপাবলিকান। ’ প্রেসিডেন্ট পদের দৌড়ে নেমে মূলত দুর্নীতি নিয়েই সরব হয়েছেন তিনি। বড় প্রযুক্তি সংস্থা ও ওষুধ সংস্থাগুলির দুর্নীতি আমেরিকার বিপুল ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, পরিবর্তন আনতে সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। সে কারণেই রিপাবলিকান দলের তরফে মনোনয়ন চেয়েছেন তিনি।
পেশায় ইঞ্জিনিয়ার হর্ষ বর্ধন সিং এর আগে একাধিক পদের জন্য লড়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর। নিজেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক বলেও উল্লেখ করেছেন তিনি। হর্ষ বর্ধন বলেন, আমার দেখা সেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে রিপাবলিকান দলের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফেডারেল ইলেকশন কমিশনে প্রার্থিতা ঘোষণা করেছেন ৩৮ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হওয়ার কথা জানিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি বিবেক রামাস্বামী।