রাশিয়ার রাজধানী মস্কো আবারও ড্রোন হামলার শিকার হয়েছে। এতে দু’টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কারণে রাজধানীর একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
রবিবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোরে রাজধানীতে তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। হামলার কারণে মস্কোর একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ড্রোন হামলার ঘটনার পর রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের ‘প্রস্থান এবং আগমনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় ফ্লাইটগুলো অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়’। অবশ্য এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এএফপি বলছে, মস্কো শহরের উপকণ্ঠে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। অন্য দু’টি ড্রোনকে ‘ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে দমন করা হয়’ এবং সেগুলো একটি অফিস কমপ্লেক্সে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিমি (৩১০ মাইল) দূরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবং এর আশপাশের শহরতলি চলতি বছর বেশ কয়েক দফায় ড্রোন হামলা শিকার হয়েছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও আশপাশের এলাকা খুব কমই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরগুলোসহ ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং রোববারের এই হামলাটি সেটিরই সর্বশেষ উদাহরণ। রাশিয়া এই ধরনের হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।
তবে বরাবরের মতো ইউক্রেন সেই হামলারও দায় স্বীকার করেনি।