সেনেগাল থেকে আটলান্টিক মহাসাগরে স্পেনের মালিকানাধীন ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে পৃথক তিনটি নৌকা ডুবে কমপক্ষে ৩০০ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া এই অভিবাসীরা সবাই আফ্রিকান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে,অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস রোববার (৯ জুলাই) জানিয়েছে, দুটি নৌকা ১৫ দিন আগে সেনেগাল থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। নৌকা দুটির একটিতে ৬৫ জন এবং অপর একটি ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। স্প্যানিশ এই সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।
ওয়াকিং বর্ডারসের হেলেনা ম্যালেনো জানিয়েছেন, এই তিনটি নৌকার মধ্যে দু’টি নৌকা স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিল।
আর তৃতীয় নৌকাটি গত ২৭ জুন সেনেগাল ছেড়ে যায় এবং এতে প্রায় ২০০ জন আরোহী ছিল। সেনেগাল ছেড়ে স্পেনের উদ্দেশে রওনা করার পর এই তিনটি নৌকায় আরোহী ব্যক্তিদের পরিবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি বলে ম্যালেনো জানিয়েছেন।
ম্যালেনো বলেন, ‘নিখোঁজ এই অভিবাসীদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। সেনেগালের একই এলাকার প্রায় ৩০০ জন মানুষ। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা দেশ ছেড়ে চলে গেছে।’