চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতার আহ্বান বিভাগীয় কমিশনারের

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম; পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর কোর্ট হিলস্থ বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণে ঝাড়– হাতে ময়লা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ রোগ প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সমানভাবে জরুরি।” এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল একদিনে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পরিচালনা করার জন্য তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছাম্মৎ রাশেদা আক্তার এবং সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি শেষে চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।