চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকার নেভি হাসপাতাল গেট সংলগ্ন সড়কের ভাঙা ও খানাখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মো. মেহেদী হাসান। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হালিম শেখ এবং মায়ের নাম হাওয়া বেগম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নেভি হাসপাতাল গেট এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও খানাখন্দে ভরা। শুক্রবার মধ্যরাতে মেহেদী হাসান মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত কনটেইনারবাহী লরির নিচে ছিটকে পড়েন। লরির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই লরির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যায়। জানা গেছে, লরিটি একটি লজিস্টিক কোম্পানির মালিকানাধীন। ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার নাম-পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি চিহ্নিত করেছে এবং চালক ও সহকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে।