চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩) কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ছাতিভাঙ্গা এলাকার আফছারের গাছবাগান থেকে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি (লাইট গান) উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাÐে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের মূল উৎস এবং সন্ত্রাসী চক্রটিকে শনাক্ত করতে তদন্ত ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।