‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর ২০ বছর পূর্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শিশু উৎসব ২০২৬

আবৃত্তি, সংগীত, নৃত্য, পাপেট শো ও জাদুর মোহনীয় পরিবেশনায় দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিল চট্টগ্রাম শহরের শতাধিক শিশু-কিশোর। বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস ’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশু উৎসব ২০২৬’ পরিণত হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। গত শুক্রবার (২৪ জুলাই) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) বর্ণাঢ্য এ উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসবটি বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি উৎসর্গ করা হয়। বিকেল ৩টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বরেণ্য সাংবাদিক ওসমান গনি মনসুর, নাট্যজন অভীক ওসমান এবং জেএস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর। উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, “শিশুদের সৃজনশীল ও মননশীল বিকাশে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে ভ‚মিকা রাখলে আগামী প্রজন্ম মানবিক, নান্দনিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।” অনুষ্ঠানে পথশিশুদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নগরফুল’-কে ‘শিশু উৎসব সম্মাননা’ প্রদান করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে একক ও দলীয় আবৃত্তি, দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সংগঠনের শিশুরা। এতে অংশ নেয় প্রমিতি সাংস্কৃতিক একাডেমি, শ্রæতিনন্দন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, প্রাপণ একাডেমি, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, সুরাঙ্গন বিদ্যাপীঠ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, বোধন আবৃত্তি পরিষদ এবং আয়োজক সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। বিকেলে ক্যানভাস পাপেট থিয়েটারের পুতুলনাচ শিশুদের বিমোহিত করে। সন্ধ্যায় জাদুশিল্পী রাজবীর আকাশের প্রদর্শনী শিশু ও অভিভাবকদের দারুণ আনন্দ জোগায়। এছাড়া দেবজিৎ বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, প্রযুক্তি দাশ, আদৃতা বর্দ্ধনসহ প্রায় অর্ধশত শিশুশিল্পী একক আবৃত্তি পরিবেশন করে। মৌসুমী দের সঞ্চালনায় সমাপনী পর্বে ওডিসি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের নৃত্য এবং তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তির মাধ্যমে উৎসবের পর্দা নামে।