চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান মো. আলমগীর। হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় দ্রæতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু ঘটে। নিহত আলমগীর স্থানীয় এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করতেন বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।