জেমিসন রেড ক্রিসেন্টকে আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেছেন, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন ইউনিট আধুনিকায়নের পাশাপাশি সেবার পরিধি বাড়ানো হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে উন্নত দন্ত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে ডেন্টাল ইউনিটকে আরও আধুনিক ও রোগীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যুক্ত করার পাশাপাশি চিকিৎসাসেবার মানও বাড়ানো হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তাই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে হবে। ভবিষ্যতে হাসপাতালটিকে আরও আধুনিক করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. তাসলিম চৌধুরী, ডা. মোস্তাফিজুর রহমান, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দীন চৌধুরী, ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, কে এম ইমরান এমি, সিএমও ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের বিভিন্ন ইউনিটের প্রধানরা অংশ নেন।

সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য সেবার পরিধি বৃদ্ধি, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসক ও সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাসপাতালের সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ।