কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মুঠোফোনসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেইলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মুঠোফোনও জব্দ করা হয়।
অভিযানকালে তিনজনকে আটক করে কোস্ট গার্ড। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।