চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় কম্পাউন্ডে দালালির অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হাটহাজারী উপজেলার নতুনপাড়া মৌলানা আকমল আলী বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।
এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযান চালানো হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপও আটক করা হয়।