লিগ্যাল এইডে ৮ মাসে ১ কোটি ৫০ লাখ টাকা আদায়
১,৪৩৬ আবেদন ও মামলায় আইনি সহায়তা, এডিআরে নিষ্পত্তি ৮৮৪ বিরোধ
চট্টগ্রামে লিগ্যাল এইডের মাধ্যমে গত আট মাসে ১ হাজার ৪৩৬টি আবেদন ও মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ৮৮৪টি বিরোধ নিষ্পত্তি করে ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা জজ আদালত, চট্টগ্রামের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি কাজী আবদুল হান্নান। তিনি প্রান্তিক ও অসহায় বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটিগুলো সক্রিয় করার তাগিদ দেন।
কাজী আবদুল হান্নান বলেন, দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করছে। এসব মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। দ্রুত সময়ে প্রান্তিক বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলো সক্রিয় করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি আইনি সেবা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রচার বাড়াতে হবে, যাতে কোনো অসহায় বিচারপ্রার্থী আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হন।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ জানান, গত আট মাসে ১ হাজার ৪৩৬টি আবেদন ও মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭৮টি মামলা নিষ্পত্তি হয়েছে।
একই সময়ে ৮০৬টি প্রি-কেইস এডিআর আবেদন গ্রহণ করা হয় এবং এডিআরের মাধ্যমে ৮৮৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এছাড়া বিভিন্ন আদালত থেকে পোস্ট-কেইস বিরোধ মীমাংসার জন্য ৬৩টি মামলা গ্রহণ করা হয়। আগের বছরের জেরসহ এসব মামলার মধ্যে ৭৫টি নিষ্পত্তি হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসারের তথ্য অনুযায়ী, বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিসারের সঞ্চালনায় সভায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিনসহ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, আইনজীবী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।